প্রেমে ব্যর্থ হয়ে মদে ডুবে যাওয়া, পার্বতীকে হারিয়ে নিজের জীবন শেষের দিকে ঠেলে দেওয়া—‘দেবদাসের’ এই চেনা ছবি বহুবার সিনেমায় এসেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ বাংলা সাহিত্যের এমন এক প্রেমিক চরিত্র, যার ব্যর্থতা, আত্মবিনাশ আর বিরহ পপ কালচারে প্রায় মিথে পরিণত হয়েছে। কিন্তু তামিল নির্মাতা অরুণ মাথেশ্বরনের ‘ডিসি’ সেই চেনা দেবদাসকে একেবারে অন্য জগতে নিয়ে যায়। এখানে দেবদাস মদে ডুবে নিঃশেষ হন না, বরং হতাশা সহিংস হয়ে ছড়িয়ে পড়ে। প্রেমের ব্যর্থতা তাকে আত্মবিনাশী না করে করে তোলে প্রতিশোধপরায়ণ। আজ ১৫ সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, এ উপলক্ষে দেখতেই পারেন দেবদাসের সহিংস রূপ।

একনজরেসিনেমা: ‘ডিসি’ধরন: রোমান্টিক অ্যাকশনপরিচালনা: অরুণ মাথেশ্বরনঅভিনয়: লোকেশ কঙ্গরাজ, ওয়ামিকা গাব্বি, সানজানা কৃষ্ণমূর্তি, অবিনাশ রঘুদেবন ও কৃষ্ণ দয়ালস্ট্রিমিং: সান নেক্সটদৈর্ঘ্য: ২ ঘণ্টা ২০ মিনিট

ছবির নামের ‘ডি’ এসেছে দেবদাসের নতুন রূপ দাস থেকে; আর ‘সি’ মূলত চন্দ্রাকে ঘিরে। ছবির সবচেয়ে বড় চমক লোকেশ কঙ্গগরাজ। এ সময়ের আলোচিত এই দক্ষিণি নির্মাতা অভিনয় করেছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে! তাঁর দাস চরিত্রটি এক পলাতক গ্যাংস্টার। যুক্ত সশস্ত্র ডাকাত দলের সঙ্গে। পুলিশের অস্ত্রের চালান লুট, এক পুলিশ কর্মকর্তাকে হত্যা—এসবের পর পুলিশ তার পেছনে নামে। কর্মকর্তা ভোগরাজকে (কৃষ্ণ দয়াল) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, ‘নিষ্ঠুর হও’। ফলে মরিয়া ভোগরাজ দাস ও তার দলের পিছু নেয়। যার পরিণতি অনিবার্য সংঘর্ষ।

উপন্যাসে ‘দেবদাস’-এ নায়ক ধীরে ধীরে নিজের জীবন নষ্ট করে। ‘ডিসি’ সেই জায়গাটাই উল্টে দেয়। দাসের ভেতরের যন্ত্রণা তাকে নিষ্ক্রিয় করে না, বরং সহিংস করে তোলে। সে মানুষ হত্যা করে, পুলিশের সঙ্গে লড়াই করে, আবার একই সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই দ্বৈততাই তাকে প্রচলিত নায়ক নয়, অ্যান্টিহিরো হিসেবে প্রতিষ্ঠিত করে।

শরৎচন্দ্রের গল্পের পার্বতী এখানে পার্বতীই—চরিত্রটিতে অভিনয় করেছেন সানজানা কৃষ্ণমূর্তি। তবে এই পার্বতী সেই জমিদারবাড়ির মেয়ে নন। তিনি একজন ক্লাব গায়িকা। দাসের সঙ্গে তাঁর পরিচয়ও হয় খুব সংক্ষিপ্ত এক সময়ে। দুজন ঠিক করেন, তাঁরা একে অপরের কাছে অপরিচিতই থাকবেন। অথচ সেই অপরিচয়ই তাঁদের কাছে স্বীকারোক্তির নিরাপদ জায়গা হয়ে ওঠে। পার্বতী দাসের মায়ের প্রিয় গান গাওয়ায় তার প্রতি দাসের টান তৈরি হয়। দুজনের মধ্যে অল্প সময়ের জন্য তৈরি হয় একধরনের আশ্রয়।

এই সম্পর্ককে দীর্ঘ সময় দেওয়ার সুযোগ পায় না ছবি। পুলিশের হামলায় পার্বতী আহত হয়, আর দাস আবার পালাতে বাধ্য হয়। কিন্তু সম্পর্কটির স্বল্পস্থায়িত্বই যেন ছবির নতুন দেবদাসের চরিত্রটি বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ। সে ভালোবাসতে চায়, কিন্তু তার জীবন এমন এক সহিংস বাস্তবতায় আটকে আছে, যেখানে ভালোবাসার জন্য সময়ই নেই।
এরপর গল্পে আসে চন্দ্রা—মূল ‘দেবদাস’-এর চন্দ্রমুখীর নতুন রূপ। ওয়ামিকা গাব্বির অভিনয়ে চন্দ্রা একজন যৌনকর্মী, যাকে শৈশব থেকেই একটি যৌনপল্লিতে আটকে রাখা হয়েছে। প্রায় ১৮ বছর ধরে সে বন্দী। প্রতিদিন অসংখ্য পুরুষের যৌন নির্যাতনের শিকার হওয়া এই নারী যখন দাসের সামনে আসে, তখন তার গল্প দাসকে নাড়া দেয়। সে চন্দ্রাকে সেই বন্দিদশা থেকে বের করে আনে। চন্দ্রাও স্বেচ্ছায় তার সঙ্গে চলে আসে।

‘ডিসি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘ডিসি’র অ্যাডাপ্টেশন সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে এই অংশে। মূল ‘দেবদাস’-এ পার্বতী ও চন্দ্রমুখী নায়কের জীবনে দুই ভিন্ন আবেগের প্রতীক। ‘ডিসি’ তাঁদের চরিত্রকে নতুন সামাজিক বাস্তবতায় বসিয়েছে। পার্বতী এখানে ক্ষণস্থায়ী ভালোবাসা, আর চন্দ্রা হয়ে উঠেছে বন্দিত্ব থেকে মুক্তির প্রতীক। দাস ও চন্দ্রার সম্পর্ক শুধু প্রেম নয়; দুজন বিধ্বস্ত মানুষ একে অপরের মধ্যে নিজেদের ক্ষত চিনে নেওয়া। চন্দ্রার সঙ্গে দাসের সম্পর্ককে ‘বনি অ্যান্ড ক্লাইড’-এর সঙ্গে তুলনা করা যায়। যৌনপল্লির দেয়ালে থাকা আর্থার পেনের ছবির পোস্টারও সে ইঙ্গিতই দিয়েছে। তবে ‘ডিসি’ শেষ পর্যন্ত শুধু সেই সিনেমার বিখ্যাত অপরাধী-জুটির অনুকরণে আটকে থাকে না। বরং দাস ও চন্দ্রাকে নিয়ে নিজের নতুন দুনিয়া তৈরি করতে চায়—যেখানে প্রেমের চেয়ে গুরুত্বপূর্ণ বেঁচে থাকা।

এ সম্পর্কের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি চন্দ্রার প্রথম সমুদ্র দেখা। জীবনের এতটা সময় চার দেয়ালের মধ্যে কাটানোর পর বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে তার বিস্ময় দর্শককে চরিত্রটির অতীত বুঝতে সাহায্য করে। কোনো বড় সংলাপ ছাড়াই মুকেশ জির ক্যামেরা সেই মুহূর্তকে বড় করে তোলে। আরেকটি মুহূর্তে দাস চন্দ্রার আঙুল খুঁজে নেয়—ঘনিষ্ঠতার জন্য নয়, শুধু নিশ্চিত হওয়ার জন্য যে সে এখনো তার পাশে আছে। এমন ছোট দৃশ্যগুলোই ‘ডিসি’কে নিছক গ্যাংস্টার ছবি হয়ে উঠতে দেয় না।

অরুণ মাথেশ্বরনের সবচেয়ে বড় শক্তি তাঁর দৃশ্য নির্মাণ। ‘সানি কায়িধাম’ ও ‘ক্যাপ্টেন মিলার’-এর মতো ছবিতে যে স্টাইলাইজড সহিংসতার ভাষা তিনি তৈরি করেছেন, ‘ডিসি’তেও তার ব্যবহার করেছেন। অ্যাকশন দৃশ্যগুলোর কোরিওগ্রাফি, রক্তপাতকে নান্দনিকভাবে ফ্রেমবন্দী, আর ক্যামেরা ও সম্পাদনা মিলে সহিংসতাকে প্রায় কবিতার মতো উপস্থাপন করেছে।

‘ডিসি’ সিনেমার পোস্ট। আইএমডিবি

বিশেষ করে দাস ও চন্দ্রার সাক্ষাতের পরের দীর্ঘ করিডর-অ্যাকশন দৃশ্যটি ছবির অন্যতম সেরা অংশ। অনিরুদ্ধ রবিচন্দ্রনের ‘রাগা অব রিভেঞ্জ’ বাজতে শুরু করলে রক্তাক্ত সংঘর্ষটি শুধু অ্যাকশন থাকে না, যেন দুই চরিত্রের পুরোনো জীবন শেষ হয়ে নতুন জীবনের শুরু হয়।

আরেকটি দুর্দান্ত মুহূর্ত তৈরি হয়েছে ‘বাম বা দিগা’ গানে। একদিকে দেখা যায় দাসের ওপরে পুলিশের নির্যাতন, অন্যদিকে চন্দ্রার ওপর চলা যৌন নিপীড়ন। গানটি প্রাণবন্ত, প্রায় আনন্দময়; অথচ পর্দায় চলছে ভয়াবহ সহিংসতা। এই অদ্ভুত বৈপরীত্য দুই চরিত্রের আলাদা বন্দিত্বকে এক জায়গায় নিয়ে আসে। তাঁদের শরীর ভিন্ন জায়গায় বন্দী, কিন্তু যন্ত্রণার অভিজ্ঞতা একই।

‘ডিসি’র সংগীত তাই শুধু দৃশ্যের পেছনে বাজে না, অনেক সময় দৃশ্যের আবেগ তৈরি করে। অনিরুদ্ধের আবহসংগীত ছবির অন্যতম বড় শক্তি। কোথাও কোথাও মনে হয়, চিত্রনাট্য যে আবেগ পুরোপুরি তৈরি করতে পারেনি, সংগীত সেটিকে পূরণ করছে। ফলে ‘ডিসি’ দেখার অভিজ্ঞতা অনেকটাই নির্ভর করে অনিরুদ্ধ সংগীতের ওপর।
মুকেশ জির ক্যামেরায় মাটির কাছাকাছি থাকা রঙের সঙ্গে রক্তের লালকে বারবার আলাদা করে তোলা হয়েছে। চন্দ্রার যৌনপল্লির ঘরকে প্রায় পরাবাস্তব এক ক্যানভাসের মতো সাজানো হয়েছে। দেয়ালে ভ্যান গঘ ও দালির ছবি, বড় বড় দেয়ালচিত্র, উজ্জ্বল রং—সবকিছু চরিত্রটির বন্দিত্বের ভেতরকার অদ্ভুত জগৎকে তুলে ধরে।

চন্দ্রার সাজেও রয়েছে আরেকটি সিনেম্যাটিক ইঙ্গিত। শাড়ি, টকটকে লাল লিপস্টিক, চুলে লাল গোলাপ—সব মিলিয়ে সিল্ক স্মিতার স্মৃতি উসকে দেয়। এক দৃশ্যে তাকে ‘সিল্ক’ বলেও ডাকা হয়। দাসের হাতে রুপালি কড়া আবার বিজয়ের ‘মাস্টার’ ছবির কথা মনে করিয়ে দেয়।

‘ডিসি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

তবে এত সব নান্দনিকতা সত্ত্বেও ‘ডিসি’র সবচেয়ে বড় সমস্যা চিত্রনাট্যে। ছবির গল্পের কাঠামো যতটা চমকপ্রদ, চরিত্র নির্মাণ ততটা গভীর নয়। পুলিশি দুর্নীতি, অপরাধীদের প্রতি রাষ্ট্রীয় সহিংসতা, নারী নির্যাতন—এতগুলো বিষয় ছবিতে এসেছে, কিন্তু সব কটিকে সমান গভীরতায় অনুসন্ধান করা হয়নি।

ফলে কোনো কোনো জায়গায় মনে হয়, গল্পের ফাঁকা জায়গা পূরণ করতে অ্যাকশন ব্যবহার করা হয়েছে। ১৪২ মিনিটের দৈর্ঘ্যও তখন কিছুটা বেশি মনে হয়। একের পর এক বন্দুকযুদ্ধ, ছুরিকাঘাত ও হত্যাকাণ্ড দর্শককে রোমাঞ্চ দিলেও সব সময় আবেগগতভাবে নাড়া দিতে পারে না।

দাস চরিত্রটিও একই সমস্যায় ভোগে। লোকেশের অভিনয়ে সংযম আছে, চোখে রাগ আছে, শরীরী ভাষায় যন্ত্রণা আছে। তিনি চিৎকার করে আবেগ প্রকাশ করেন না; নীরবতাতেই চরিত্রটিকে বহন করেন। প্রথমবার অভিনেতা হিসেবে তাঁর স্বচ্ছন্দ উপস্থিতি নিঃসন্দেহে চমকপ্রদ। কিন্তু চিত্রনাট্য চরিত্রটির ভেতরের দ্বন্দ্বকে যতটা গভীরভাবে অনুসন্ধান করা দরকার ছিল, তা করেনি। ফলে কোথাও কোথাও দাস রহস্যময় না হয়ে অস্বচ্ছ মনে হয়—সে কেন এতটা সহিংস, তার নৈতিক সীমা কোথায়, সেই প্রশ্নের সব উত্তর মেলে না।

ওয়ামিকা গাব্বিও চন্দ্রাকে আকর্ষণীয় করে তুলেছেন। তাঁর অভিনয়ে একদিকে শিশুসুলভ বিস্ময়, অন্যদিকে পৃথিবীর কাছে বহুবার পরাজিত এক নারীর কঠোরতা। বন্দিত্ব থেকে বেরিয়ে এসে ক্ষমতার স্বাদ পাওয়ার পর চন্দ্রার আচরণে যে পরিবর্তন আসে, সেটি বিশ্বাসযোগ্য। তবে চন্দ্রাকে স্বাধীন নারীর চরিত্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করলেও ছবিটি পুরোপুরি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে বের হতে পারে না। একজন পুরুষ তাকে উদ্ধার করবে, তারপর সে নিজের শক্তি আবিষ্কার করবে—এই পরিচিত কাঠামোই শেষ পর্যন্ত থেকে যায়।

নির্বাক সিনেমা থেকে ওটিটি: দেবদাস–ললিতারা বদলেছেন, শরৎচন্দ্র থেকে গেছেন

সানজানা পার্বতীর চরিত্রে সংযত অভিনয় করেছেন। চন্দ্রার বিপরীতে তাঁর চরিত্রের কোমলতা দাসের জীবনে দুই নারীর আলাদা অবস্থান স্পষ্ট করে। অন্যদিকে কিটি চরিত্রে অবিনাশ রঘুদেবন ও ভোগরাজের চরিত্রে কৃষ্ণ দয়ালও উল্লেখযোগ্য। বিশেষ করে নিষ্ঠুর পুলিশ কর্মকর্তা ভোগরাজ ছবির ক্ষমতার কাঠামোকে প্রতিনিধিত্ব করে।

ছবির আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নৈতিকতা। দাস ও তার দল অপরাধী, কিন্তু তাদের পেছনে ছুটতে থাকা পুলিশও যখন ‘নিষ্ঠুর হও’ নির্দেশ পায়, তখন প্রশ্ন ওঠে—আইনের নামে সংঘটিত সহিংসতা কি অপরাধীদের সহিংসতার চেয়ে আলাদা? দাসের গ্যাংয়ের নামের সঙ্গেও এখানে একধরনের ব্যঙ্গ আছে। তাদের নেতা আরাসু—তামিল ভাষায় যার অর্থ ‘সরকার’। রাষ্ট্র যে পরিবেশ তৈরি করে, সেই পরিবেশই যখন অপরাধী তৈরি করে, তখন অপরাধী ও রাষ্ট্রের সহিংসতার সীমারেখা কোথায়—ছবিটি এই প্রশ্ন তোলে।
‘ডিসি’ সিনেমা হিসেবে আরও শক্তিশালী হতে পারত। কারণ, তার ভিজ্যুয়াল ভাষায় যে উচ্চাকাঙ্ক্ষা, চিত্রনাট্য সব সময় সেই উচ্চতায় পৌঁছায় না।

তবু ছবিটিকে একেবারে ব্যর্থ বলা যায় না। কারণ, শরৎচন্দ্রের ‘দেবদাস’-এর মতো বহুল ব্যবহৃত একটি গল্পকে তামিল গ্যাংস্টার জগতের মধ্যে বসানো সহজ কাজ নয়। অরুণ মাথেশ্বরন সেই ঝুঁকি নিয়েছেন এবং অন্তত দৃশ্যগতভাবে একটি স্বতন্ত্র জগৎ তৈরি করেছেন। মূল গল্পের প্রেম, বিরহকে তিনি রূপান্তর করেছেন সহিংসতা, মুক্তি, বেঁচে থাকা ও প্রতিশোধের গল্পে।