শারদীয় আবহে নতুন এক সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়লেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে ট্র্যাডিশনাল কালার প্যালেটের বদলে বেছে নিয়েছেন তিনি চোখজুড়ানো, মনমাতানো ব্লিসফুল ল্যাভেন্ডার।
দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হতেই ফ্যাশনেও লেগেছে উৎসবের হাওয়া। সেই আবহেই নতুন এক সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়লেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আলোকচিত্রী সায়ন্তন দত্তের ক্যামেরায় পূজা ক্যাম্পেইনের ফটোশুটে তাঁকে দেখা গেল অন্যরকম লুকে।

চেনা শাড়ির সাজকে আধুনিক স্টাইলিংয়ে মেলে ধরে জয়া তৈরি করেছেন একদিকে স্নিগ্ধ, অন্যদিকে বেশ সাহসী একটি লুক। জয়ার পরনে ব্লিসফুল ল্যাভেন্ডার রঙের চোখজুড়ানো, মনমাতানো শাড়ি। জমিনজুড়ে সূক্ষ্ম রুপালি-সোনালি জরির মোটিফ আর রূপালি পাড়।
তবে শাড়ির সাবেকি সৌন্দর্যকে একেবারে প্রচলিত ধারায় রাখেননি জয়া। বরং আধুনিক ব্লাউজের সঙ্গে জুড়ে দিয়ে তৈরি করেছেন ট্রেন্ডি একটি ফিউশন লুক। অ্যাসিমেট্রিক কাট ও স্ট্র্যাপের নকশায় তৈরি ব্লাউজটিতে আছে আধুনিকতার স্পষ্ট ছাপ। তাই শাড়ির স্নিগ্ধতা আর ব্লাউজের বোল্ডনেস পাশাপাশি জায়গা করে নিয়েছে।

অলংকারে জয়া বেছে নিয়েছেন সিলভার স্টেটমেন্ট দুল ও আংটি। অন্যদিকে জ্যামিতিক আকৃতির অ্যাম্বার-টিন্টেড চশমা লুকে এনেছে একেবারে ট্রেন্ডি ও কুল আবহ।
খোলা লম্বা চুলে হালকা ঢেউ, ন্যুড লিপস আর মিনিমাল মেকআপে সেজেছেন সুন্দরী।

অতিরিক্ত কিছু নয়, বরং পোশাক, অনুষঙ্গ ও মেকআপের নিখুঁত ভারসাম্যেই জয়ার এই পূজার লুক হয়ে উঠেছে আকর্ষণীয়।
ছবি: ইন্সটাগ্রাম






