বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন এবং বরিশালে বিভাগে ১০ জন রয়েছেন। চলতি বছরের ১৭ জুলাই সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৭৭০ জন। চলতি বছরে এ যাবৎ ৮ হাজার ৮২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৯১২ জন চিকিৎসাধীন। চলতি বছর ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ডেঙ্গু নিয়ে চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাইয়ের ১৭ দিনে ৩ হাজার ৬৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে মৃত্যুর তথ্যে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর প্রবণতা কম দেখা গেলেও জুন থেকে তা আবার বাড়তে শুরু করে। ডেঙ্গুতে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১ জনের মৃত্যু হয়; মার্চ-এপ্রিলে কারও মৃত্যু হয়নি। এরপর জুনে ১৩ এবং জুলাইয়ের ১৭ দিনে ১৪ জনের মৃত্যু হয়েছে।