দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সির (এফইটি) উদ্যোগে এ মেলার আয়োজন করা হবে। তবে এ কার্যক্রম পরিচালনায় তিনটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, শিক্ষা মেলার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। এ ছাড়া মেলায় শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বইয়ের প্রদর্শনীর পাশাপাশি তাদের মনন বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক কুইজ, প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ীদের পুরস্কার প্রদানের ব্যবস্থাও রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব শর্ত প্রতিপালন নিশ্চিত করে শিক্ষা মেলা আয়োজনের কার্যক্রম সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।