দেশি জাতের গবাদিপশুর উন্নয়ন এবং খামার ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (৭ জুলাই) সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে উৎপাদিত নিজস্ব ঘাসই এখানকার গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। তিনি জানান, উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও কার্যকারিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে প্রত্যাশিত ফলাফল অর্জন করা যায়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারের বাছুর শাখা, ডেইরি ফার্ম, পাবনা ক্যাটল ইউনিট, মীরকাদিম ইউনিট, হলস্টেইন-ফ্রিজিয়ান ইউনিট, কৃত্রিম প্রজনন পরীক্ষাগার, ব্রিডিং বুল ইউনিট ও শতভাগ আমেরিকান ফ্রিজিয়ান বুল পরিদর্শন করেন। তিনি দেশি জাতের গবাদিপশুর উন্নয়ন, পশুখাদ্য উৎপাদন, খামার ব্যবস্থাপনা ও সার্বিক অবকাঠামোগত কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আরও পড়ুন
প্রাণীদের মানসম্মত ওষুধ ও সেবা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, কাগজ-কলমের তথ্যের সঙ্গে বাস্তব চিত্র সবসময় পুরোপুরি প্রতিফলিত হয় না। তাই মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
তিনি আরও বলেন, ‘অতীতে কী হয়েছে, সেটি নিয়ে আমরা এগোতে চাই না। আমাদের লক্ষ্য উন্নয়ন। সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে বাস্তবতার নিরিখে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. শহিদুল ইসলামসহ খামারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
এনএইচ/একিউএফ








