ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ১০ অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে মোট এক হাজার ৯০৫টি স্থানীয় এবং ১০ হাজার ৮৯১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই কার্যক্রম আগামী তিনদিন অব্যাহত থাকবে।
রোববার (২৮ জুন) বনানীর করাইল এরশাদ মাঠে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। তাই জনগণের স্বার্থে উত্তর সিটি করপোরেশন সব সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন
দক্ষিণ সিটিতে ৬ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে
‘আমাদের প্রত্যেক সন্তান যাতে ভিটামিন এ প্লাস গ্রহণ করতে পারে সরকার সে বিশেষ উদ্যোগ নিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তারপরও যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন,’ যোগ করেন শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ‘আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে হাম রুবেলা টিকা কার্যক্রমে যেভাবে সফলতা অর্জন করেছি, তেমনি অন্যান্য সেবা কার্যক্রমও জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সফলতা অর্জন করবো।’
ডিএনসিসি প্রশাসক নগরবাসীকে বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ছাদ-বাগান, বাসা-বাড়ি ও আঙিনাসহ অন্যান্য স্থানে জমে থাকা পানি পরিষ্কার করার আহ্বান জানান।
শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নগরের প্রতিটি স্থানে প্রতিনিয়ত পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলমান রয়েছে। এই অভিযান সফল করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
এমএমএ/একিউএফ








