বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বর্ষকাল যেন চিরচেনার রূপ নিয়েছে। ভারী বৃষ্টি আর ঝোড়োবাতাসে গরমও বেশ কম। গতকাল সোমবার সবচেয়ে বেশি ২৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যা ছিল ১৪ মিলিমিটার।
নিম্নচাপটি দুর্বল হলেও আজ সারা দিন সারা দেশের ভারী বৃষ্টি আর ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকায় আজ সকাল ৬টা তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ৫টা ১৭ মিনিটে।







