সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রার সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনার ঠিক আগেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে সন্দেহে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সাভারের বিস্ফোরণ স্থলে পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এদিকে এ ঘটনায় ঢাকা জেলার দুইজন অতিরিক্ত পুলিশ সুপার ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি করার কথাও জানান এসপি।
বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি, জুলাই যোদ্ধা মো. ইউনুস আলী এবং আজহারুল ইসলাম তামিম বাদি হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, “যে ঘটনাটি ঘটেছে, সেটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত। খবর পাওয়ার পর আমি নিজে এখানে চলে এসেছি। উনাদের পদযাত্রা কর্মসূচিতে আমাদের পুলিশ সদস্যরা ছিলেন। তাদের পাকিজা মোড় থেকে রিসিভ করে নিরাপত্তা দিয়ে এখানে নিয়ে আসেন। আনার পর আমরা যতটা জানতে পারলাম, এখানে বক্তৃতা চলাকালে যারা ছিলেন হঠাৎ করে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত, হওয়ার কথা না।”
তিনি বলেন, “পুলিশ সেখানে ছিল, সাভারের ওসি, সার্কেল এসপি সেখানে ছিলেন। তারা সাথে সাথে মঞ্চে থাকা নেতারা যারা ছিলেন নাহিদ, সারজিসসহ এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, তাদের তাৎক্ষণিক নিরাপত্তা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সাভার থানায় আছেন। এজাহার দেওয়ার জন্য কাজ করছেন। পুলিশও সেখানে আছে। আমরা তদন্ত করে দেখছি।তদন্ত কমিটি করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ইতোমধ্যে সাভার অতিরিক্ত সার্কেল এসপিকে নির্দেশ দিয়েছি তিন সদস্যের তদন্ত কমিটি করতে। মামলা হলে ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অবশ্যই আইনের আওতায় আনা হবে। আরেকটি বিষয় জানতে পেরেছি, তৎক্ষণাৎই বিদ্যুৎ চলে যায় এখানে। সেই বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি।”
‘হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া’কে সন্দেহে রাখা হয়েছে জানিয়ে এসপি বলেন, “তদন্তের অনেক বিষয় থাকে। কোনো কিছুই আমরা সন্দেহের বাইরে রাখছি না। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেনো ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। এরপরই বিস্ফোরণটা ঘটেছে। এই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখছি।”
তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, “এই কমিটির প্রধান হবেন, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ। এই তিনজনকে দিয়ে আপাতত কমিটি করে দিচ্ছি। উনারা তদন্তের স্বার্থে সদস্য বৃদ্ধির প্রয়োজন মনে করলে করতে পারেন।”
সভা দেরিতে শুরুর বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, “তারা (এনসিপি) আমাদের কাছে লিখিতভাবে জানায়, পদযাত্রা শেষে এখানে এসে বক্তব্য রাখবেন। পদযাত্রা শেষে তাই তাদের রিসিভ করে এখানে নিয়ে আসে। উনারা সময় চেয়েছিলেন ৬টার সময়। তখন আসবেন, বক্তব্য দেবেন। কিন্তু উনারা পৌনে ৯টার দিকে আসেন। অর্থাৎ ৮টা ৪৫ মিনিটে উনারা সভাস্থলে এসেছেন। তারপর বক্তব্য শুরু করেছেন। বক্তব্য শুরু করার পরই বিদ্যুৎ চলে যায়। ফলে পূর্ব অনুমতি দেওয়া ছিল ৬টায় ছিল। কিন্তু অলমোস্ট ৯টার দিকে শুরু হয়েছে।”
এর আগে, সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেন, ‘সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা আহত হননি।’
এ ঘটনায় তাৎক্ষণিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
এদিকে এ বিস্ফোরণের ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাত সাড়ে ১১টার দিকে তিনি আহতদের দেখতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে ‘জুলাই পদযাত্রা’। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। সেখানে অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাভারে আসেন। পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান প্রমুখ।







