বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য বিশেষ পূর্বাভাস জারি করেছে। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের একটি বড় অংশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস রয়েছে।
সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো: রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট।
আরও পড়ুন
চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ
পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত) দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআরএম








