রাজধানীতে দিদারুল ইসলাম নামে একজন অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।
বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মানিক সরদার (৫২) ও মো. লিটন (৫০)।
ওয়ারী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৮ জুন রাতে খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন রাত আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাতে তিনি মারা যান। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় অপমৃত্যু মামলা করা হয়।
তিনি বলেন, বুধবার ভোরে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও ডিএমপির লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশা, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও আসামিদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতাররা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কেআর/এমকেআর








