ঢাকার ধামরাইয়ে চালের পাশাপাশি বেড়েছে সবজির দাম। প্রায় প্রতিটি সবজি ৫ থেকে ২০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতির কারণে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) সকালে সরেজমিনে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

চাল বিক্রেতারা জানান, বাজারে ২৯ জাতের চাল ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গেল সপ্তাহে এই চাল বিক্রি হয়েছিল ৫২-৫৫ টাকায়। চিনিগুড়া চাল ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি, গেল সপ্তাহে দাম ছিল ৫৫-৬০ টাকা। 

সবজির বাজারে আলুর দাম গেল সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। এই সবজি ৩০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি, অপরিবর্তিতভাবে আদা ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

বাজারে বেগুন গেল সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, করলা ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ঢেড়স ১০ টাকা বেড়ে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

মো. মাসুদ রানা নামে একজন সবজি বিক্রেতা বলেন, “তীব্র গরম, লোডশেডিংয়ের কারণে সরবরাহের চাপ রয়েছে। ফলে এ সপ্তাহে সবজির দাম কিছুটা বেড়েছে।”

বাজার করতে আসা মো. নাজমুল হোসেন বলেন, “প্রায় প্রতিটি পণ্যের দাম অনেক বেড়েছে। এভাবে দাম বাড়তে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত আয়ের মানুষদের আরো দুর্ভোগ পোহাতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের বাজার মনিটরিং করার অনুরোধ জানাচ্ছি।”