ঢাকার ধামরাইয়ে নবঘোষিত থানা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি প্রত্যাখ্যান করে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত বলে দাবি করা একদল নেতাকর্মী। 

তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে পদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তবে এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে মহাসড়কে মিছিল করেন এবং ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি, গত ৩০ জুন ঘোষিত ধামরাই থানা মহিলা দলের কমিটিতে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হয়নি। তাদের অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটিতে পদ দেওয়া হয়েছে।

সভাপতি পদপ্রার্থী রাজিয়া সুলতানা জানান, গত ১৭ বছর তারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করলেও নতুন কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। 

তিনি অভিযোগ করে বলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার তার কাছে একাধিকবার অর্থ নিয়েছেন এবং প্রায় এক লাখ টাকা দেওয়ার পরও প্রতিশ্রুত পদ দেওয়া হয়নি। অর্থের বিনিময়ে পদ বাণিজ্য হয়েছে। এ কারণে তিনি ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করেন।

সাবেক মহিলা দল নেত্রী আমেনা লায়লা কাউকাব বলেন, প্রকৃত ত্যাগী নেত্রীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। তিনি নতুন করে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।

মৌসুমি নামে আরেক নেত্রী বলেন, দীর্ঘদিন রাজপথে থাকা কর্মীদের মূল্যায়ন করা হয়নি। এতে তৃণমূলের নেত্রী-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ঘোষিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন এবং ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারকে ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।