নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে বসুরহাট-হাজারী হাট সড়কে এ ঘটনা ঘটে।

চরহাজারী ইউনিয়নের আবু মাঝির হাটের ইসলামী ব্যাংকিং এজেন্ট শাখার ব্যবস্থাপক আবদুর রহমান ইসলামী ব্যাংকের বসুরহাট শাখা থেকে ১২ লাখ টাকা তোলেন। টাকা নিয়ে মোটরসাইকেলে এজেন্ট শাখায় ফিরছিলেন আবদুর রহমান। জৈতুন নাহার কাদের মহিলা কলেজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাঁর গতিরোধ করে। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। পরে আবদুর রহমানের কাছে ইয়াবা আছে বলে তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয়।

আবদুর রহমানের চোখ বেঁধে টাকা নিয়ে নেওয়ার পর তাঁকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।