ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমতলে চা চাষ দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে তিনি এশিয়ার সবচেয়ে বড় সূর্যপুরী আমগাছ দেখেও প্রশংসা করেছেন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী পাড়িয়া ইউনিয়নের গ্রীন ফিল্ড টি এস্টেটের চা বাগানে আসেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তাঁর সফরসঙ্গী ছিলেন স্ত্রীসহ কয়েকজন। তারা চা শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলা এবং ফটোসেশনে অংশ নেন।

এ সময় সাংবাদিকদের ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, আগে কখনো সমতলে চা বাগান দেখেননি তিনি। এই প্রথম সমতলে চা চাষ দেখে অনেক খুশি হয়েছেন। সমতলের চা বাগান ও শ্রমিকদের চা পাতা তোলা দেখাটা তাঁর নতুন অভিজ্ঞতা।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, এখানে না এলে খুব দ্রুত সাদা, সবুজ আর কালো চায়ের মধ্যে পার্থক্য বের করা আমার পক্ষে সম্ভব হতো না। এটি দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশের উত্তরাঞ্চল সফর দারুণভাবে উপভোগ করছি।

পরে তিনি এশিয়ার বৃহৎ সূর্যপুরী আমগাছ এবং বালিয়াডাঙ্গীর একমাত্র ভারী শিল্প চা কারখানা পরিদর্শন করেন।

গ্রিন ফিল্ড টি এস্টেটের স্বত্বাধিকারী ফয়জুল ইসলাম হিরু জানান, মার্কিন রাষ্ট্রদূতের এটি ব্যক্তিগত সফর হলেও তাঁদের দেশে চা রপ্তানি নিয়ে আমরা আশাবাদী। এখানকার উৎপাদিত সবুজ চা তাঁর ভালো লেগেছে বলে আমাকে জানিয়েছেন।