ময়মনসিংহে অটোচালক মো. নাজিম উদ্দিন হত্যা মামলায় পলাশ নামের এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামি তোফায়েল আহমেদ নাসিম ও শাকিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে পলাশকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত।

অপর দুই আসামি তোফায়েল আহমেদ নাসিম ও শাকিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে মিশুক নিয়ে বাসা থেকে বের হন সদর উপজেলার গোপালপুরের বাসিন্দা নাজিম উদ্দিন। রাত সাড়ে ১০টার দিকে একই উপজেলার মধ্য বাড়েরা এলাকার পলাশ, তোফায়েল আহমেদ নাসিম ও শাকিল দাপুনিয়া বাজার থেকে মিশুকটি ভাড়া করেন। পরে তাঁকে কোতোয়ালি থানার সুহিলা মধ্যপাড়া এলাকার কাদুরবাড়ী এলাকায় একটি স্যানিটারি কারখানার সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা নাজিম উদ্দিনকে মারধর করে মিশুকটি নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আকরাম হোসেন বলেন, ‘২০২৪ সালের ১৭ জানুয়ারি মিশুকচালক নাজিম হত্যার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তাঁর ভাই নাছির উদ্দিন। মামলায় তোফায়েল আহমেদ নাসিম, পলাশ ও শাকিলকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২৫ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।’