রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আগামী তিন দিনের মধ্যে দুই দিন প্রতিদিন তিন ঘণ্টা করে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী।

পুলিশ জানায়, দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করেন। এদিন নিরাপত্তার স্বার্থে আসামিদের সশরীরে আদালতে হাজির না করে ভার্চুয়ালি কারাগার থেকে শুনানিতে যুক্ত করা হয়।

আসামিপক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আইনজীবী শুনানিতে অংশ নেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

গত ২২ আগস্ট মধ্যরাতে নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দিন ভোররাতে প্রতিবেশী সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে আটক করে। পরে তারা হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানায় মামলা করলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।