ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তাকে দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য জানা গেছে।সূত্র জানিয়েছে, সোমবার রাজধানীর যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে পুলিশের দমন অভিযানের সময় ব্যারিকেডের সঙ্গে ধাক্কা লেগে ওই তরুণী গুরুতর আহত হন। ওই দিনের বিক্ষোভে সব মিলিয়ে অন্তত ৯০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দিয়েছিল। বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে সংসদের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে ১১৮ জনের বেশি পুলিশ সদস্য এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ সময় বিক্ষোভকারীরা ২০টির বেশি পুলিশি যানবাহন ভাঙচুর করেন।এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা রাম মনোহর লোহিয়া ও লেডি হার্ডিঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।অন্যদিকে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এ ধরনের জালিয়াতি রোধ করা এখন জাতীয় দায়িত্ব। মঙ্গলবার এনডিএ জোটের সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর এই বার্তার কথা জানান। প্রধানমন্ত্রী একটি স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা এবং সংসদের কাজে বিরোধী দলগুলোর গঠনমূলক অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
রাজনীতি
দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত তরুণী আইসিইউতে

শেয়ার করুন







