সকালটা কীভাবে শুরু করছেন, তার ওপর অনেক সময় নির্ভর করে দিনের বাকি অংশ। কেউ ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেন, আবার কেউ এক কাপ চা বা কফি ছাড়া দিন শুরুই করতে পারেন না। এদিকে গবেষণা বলছে, কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে সকাল আরও প্রাণবন্ত, মনোযোগী ও উৎপাদনশীল হতে পারে।

১. প্রতিদিন প্রায় একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন মানবদেহের জৈবঘড়ি বা সার্কাডিয়ান রিদম নিয়মিত সময়সূচির ওপর নির্ভর করে থাকে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা শরীরের ঘুম-জাগরণ চক্রকে স্থিতিশীল রাখে, ফলে ক্লান্তি কমে এবং মনোযোগ বাড়ে। ঘুম বিশেষজ্ঞরা মনে করেন, সপ্তাহান্তেও যতটা সম্ভব একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করলে শরীরের স্বাভাবিক ছন্দ বজায় থাকে।

২. প্রাকৃতিক আলো দেখুন সকালে  জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো দেখুন। কয়েক মিনিট বাইরে হেঁটে আসুন। প্রাকৃতিক আলো মস্তিষ্ককে জানিয়ে দেয় যে দিন শুরু হয়েছে। এতে মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমে এবং সতর্কতা বাড়ে। সকালে আলো পাওয়া রাতে ভালো ঘুমের ক্ষেত্রেও সহায়ক।

৩. এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করুন সকাল-সকাল এক গ্লান পানি পান করা খুব জরুরি। রাতে দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে শরীরে সামান্য পানিশূন্যতা তৈরি হতে পারে। সকালে পানি পান করলে শরীর সতেজ লাগে এবং স্বাভাবিক বিপাকক্রিয়া সচল হতে সাহায্য করে। 

৪. মোবাইল ফোনে ডুবে যাওয়ার আগে নিজেকে সময় দিন ঘুম থেকে উঠেই সামাজিক যোগাযোগমাধ্যম বা ইমেইলে ডুবে গেলে মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্যের চাপে পড়তে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দিনের প্রথম ১৫–৩০ মিনিট নিজের জন্য রাখুন—হালকা স্ট্রেচিং, নীরব বসে থাকা বা দিনের পরিকল্পনা করার জন্য।

৫. শরীর নড়াচড়া করান সকালে ১০–২০ মিনিট হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায় এবং মন ভালো রাখতে সাহায্য করতে পারে। নিয়মিত শারীরিক কার্যক্রম উদ্বেগ কমাতে পারে এবং শক্তি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।

৬. পুষ্টিকর নাস্তা বেছে নিন প্রতিদিন সকালে একই নাস্তা খেতে হবে এমন নয়। তবে প্রাধান্য দিতে পারেন  প্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবারে। জানেন তো— ডিম, ওটস, ফল, দই বা বাদাম—দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখতে সাহায্য করতে পারে। অতিরিক্ত চিনিযুক্ত খাবার দ্রুত শক্তি দিলেও অল্প সময়ের মধ্যে ক্লান্তি আনতে পারে।

৭. দিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করুন একটি লম্বা করণীয় তালিকার বদলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ নির্ধারণ করলে মানসিক চাপ কমে এবং লক্ষ্য পরিষ্কার থাকে। এতে কাজ শেষ করার সন্তুষ্টিও বাড়ে।

৮. কৃতজ্ঞতা বা ইতিবাচক চিন্তার চর্চা করুন মাত্র এক-দুই মিনিট সময় নিয়ে জীবনের ভালো দিকগুলো স্মরণ করা বা একটি ছোট কৃতজ্ঞতার তালিকা লেখা মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতিবাচক মনোভাব দিনের চ্যালেঞ্জ মোকাবিলাও সহজ করে।

৯. তাড়াহুড়োর বদলে কিছুটা অতিরিক্ত সময় রাখুন অনেকেই দেরি করে ঘুম থেকে ওঠেন, তারপর হুড়োহুড়ি শুরু করেন, যা দিনের শুরুতেই চাপ তৈরি করে।১৫ মিনিট আগে উঠতে পারলে ধীরে-সুস্থে প্রস্তুতি নেওয়া যায় এবং অযথা উদ্বেগ কমে। ১০. নিজের জন্য বাস্তবসম্মত রুটিন তৈরি করুন। সবার জন্য একই সকালের রুটিন কার্যকর নয়। কেউ ভোরে ব্যায়াম করে ভালো থাকেন, কেউ বই পড়ে, আবার কেউ পরিবারের সঙ্গে নাস্তা খেয়ে। গুরুত্বপূর্ণ হলো এমন একটি অভ্যাস তৈরি করা, যা দীর্ঘমেয়াদে বজায় রাখা সম্ভব।

ভালো সকাল মানেই ভোর ৫টায় ওঠা বা কঠোর কোনো রুটিন অনুসরণ করা নয়। বরং পর্যাপ্ত ঘুম, নিয়মিত সময়ে জাগা, প্রাকৃতিক আলো, হালকা শরীরচর্চা, পুষ্টিকর নাশতা এবং কিছুটা সচেতন পরিকল্পনা—এই ছোট ছোট অভ্যাসই দিনটিকে আরও সুশৃঙ্খল ও ইতিবাচক করে তুলতে পারে। একদিনে সব বদলানোর প্রয়োজন নেই; একটি অভ্যাস দিয়ে শুরু করলেও তার সুফল ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে।

তথ্যসূত্র: স্লিপ ফাউন্ডেশন, মায়ো ক্লিনিক