বরিশাল নগরীর এক খাবার দোকানে হামলা, ভাঙচুর, দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন। এ সময় তারাই হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ওয়ালিদ। এ ঘটনা নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়ালিদ এসব কথা বলেন।

তিনি বলেন, ২৯ জুন বিএম কলেজের শিক্ষার্থী গোলাম রাব্বি আব্দুল্লাহর ওপর নতুনবাজার এলাকায় একদল দুর্বৃত্ত হামলা চালায়। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থীসহ ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওয়ালিদ আরও বলেন, সেদিন সন্ধ্যায় আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় অভিযোগ দিতে কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কোতোয়ালি মডেল থানার দিকে যাচ্ছিলাম। তখন নতুনবাজার এলাকায় আব্দুল্লাহর ওপর যারা হামলা চালিয়েছিল, তারাই আমাদের ওপরও হামলা চালায়। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর হামলাকারীরাই থানায় গিয়ে সহকারী পুলিশ কমিশনার (এসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন। তিনি আরও বলেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না বলেই আইনের আশ্রয় নিতে গিয়েছিলাম। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সরকারি বিএম কলেজ ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।