গত দুদিনে পর্তুগাল ও সৌদি আরবে পৃথক দুর্ঘটনায় সিলেটের তিন রেমিট্যান্সযোদ্ধার প্রাণহানি ঘটেছে। এর মধ্যে পর্তুগালে সড়ক দুর্ঘটনায় এক যুবক এবং সৌদি আরবের রিয়াদে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে অপর দুই যুবকের মৃত্যু হয়েছে। দূর প্রবাসে আপনজনদের হারিয়ে নিহতদের পরিবারে এখন চলছে শোকের মাতম। পারিবারিক সূত্র জানায়, পর্তুগালের সেতুবালের আলমেদায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। গত শনিবার পর্তুগাল সময় রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল সাড়ে ৩টায় তার মৃত্যু ঘটে। স্বজনরা জানান, পরিবারের মুখে হাসি ফোটাতে কয়েক বছর আগে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন কামরান। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের আরও দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা হলেন-কোম্পানীগঞ্জের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন। গত শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত দুজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকায় একটি ভবনের লিফট শ্যাফটে কাজ করছিলেন এবং এ সময় হঠাৎ নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।