সড়ক দুর্ঘটনায় ছয় স্থানে আটজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ও আগেরদিন এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাজধানীতে বৃদ্ধসহ তিনজন, নাটোরে অটোরিকশাচালক, সিরাজগঞ্জ ও মাদারীপুরে দুই ব্যবসায়ী, বরিশালে পথচারী এবং ময়মনসিংহে যুবক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় বৃদ্ধ গোলাম মোস্তফার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গেন্ডারিয়া থানাধীন ঘুন্ডিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের শরু হাওলাদারের ছেলে তিনি। তিনি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন। এদিকে উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়াল সড়কের বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঝিনাইদহের মহেশপুর থানার মাতুরা নগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোটরসাইকেলচালক যুবক মাহবুব আলম ও একই এলাকার নাছির উদ্দিনের ছেলে আরোহী আব্দুল্লাহ আল নোমান।

সিংড়া (নাটোর) : সিংড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক সনজিতের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের জামতলী-রাণীরহাট আঞ্চলিক সড়কের কাকিয়ান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সনজিত উপজেলার কৈডালা গ্রামের নরেনের ছেলে।

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) : বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আবুহার প্রামাণিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। আবুহার কামারপাড়া গ্রামের মৃত এমান প্রামাণিকের ছেলে।

কালকিনি-ডাসার (মাদারীপুর) : ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় ব্যবসায়ী বাবু ঘরামীর মৃত্যু হয়েছে। বাবু কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের মিনাজদী গ্রামের সেলিম ঘড়ামীর ছেলে। সোমবার রাতে গৌরনদী উপজেলার দক্ষিণ-পালরদী তাঁত বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুলাদী (বরিশাল) : মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী তাজেম আলী হাওলাদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মুলাদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরডিক্রী মোল্লা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাজেম চরডিক্রী গ্রামের মৃত কালু হাওলাদারের ছেলে।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে দুর্ঘটনায় যুবক কাউছার নিহত হয়েছেন। কাউছার উপজেলার পূর্ব কাউরাট গ্রামের মোহাম্মদ আনোয়ার উদ্দিন ছেলে এবং জুলাই আন্দোলনে কলতাপাড়ায় শহীদ জোবায়েরের ছোট ভাই। সোমবার বিকালে গৌরীপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।