শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষাভবন মোড়ে এসে অবস্থান নিয়েছিলেন তারা। প্রায় ২ ঘণ্টার অবস্থান শেষে স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা। ফলে সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে দিয়েছে পুলিশ। স্বাভাবিক হয়েছে যান চলাচল।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ অবস্থান ছাড়েন তারা।
এর আগে এদিন পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আসার খবরে আগে থেকে রাজধানীর শিক্ষাভবন মোড়ে অবস্থান নেয় পুলিশ। এসময় বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শিক্ষাভবন মোড়ে শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখের যাত্রা আটকে দিতে পুলিশকে ব্যারিকেডে শেকল দিয়ে তালাবদ্ধ করতে দেখা যায়।
এসময় ব্যারিকেডের পেছনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জলকামান থাকতেও দেখা গেছে। বিকেল ৩টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা এসে ব্যারিকেডের সামনে অবস্থান নেয়। তবে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা ও কোনো স্লোগান দিতে দেখা যায়নি।
কেআর/এমআইএইচএস








