টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তিন যমজ ভাই-বোন। তিন যমজ ভাই-বোনের এই বিরল সাফল্য এলাকায় ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শিক্ষার্থী তিনজন হলো- ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) ও আরাফাত আল মামুন (১২)। তারা সখীপুর উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী শামীম ও ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আর্জিনা আক্তারের সন্তান। বর্তমানে তিন ভাই-বোন সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
তাদের মা আর্জিনা আক্তার বলেন, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তারা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
আরও পড়ুন
বুয়েটে চান্স পেয়ে প্রশংসায় ভাসছেন দুই যমজ ভাই
তিনি আরও বলেন, ওদের এই অর্জনের পেছনে শিক্ষকদের অবদান অনেক। তাদের বাবা বিদেশে থাকলেও নিয়মিত পড়াশোনার খোঁজখবর নিতেন এবং উৎসাহ দিতেন। আমি চাই, সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করুক। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, তিন ভাই-বোনই অত্যন্ত মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আব্দুল্লাহ আল নোমান/এসজেডএইচ/জেআইএম








