ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরবর্তী জায়গা বালু দিয়ে ভরাটের অভিযোগে এনসিপির জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকায় তিতাস নদীর পূর্ব পাড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।
আরও পড়ুন
মুক্তেশ্বরী ভরাট করে প্লট বিক্রির সাইনবোর্ড!
এসময় বালু ভরাট বন্ধের পাশাপাশি তিন হাজার ফুট পাইপ ও দুটি ড্রেজার মিশন বিনষ্ট করা হয়।
জানা গেছে, তিতাস নদীর তীরঘেঁষা প্রায় ১০ থেকে ১৫ কানি জমিতে আগে এনসিপি নেতা আজিজুর রহমানের একটি ইটভাটা ছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই স্থানে বর্ষা মৌসুমে পানি জমত এবং শুষ্ক মৌসুমে স্থানীয়রা সেটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন।
অভিযোগ রয়েছে, গত এক মাস ধরে ভেকু দিয়ে জমির চারপাশে মাটি তুলে বাঁধ তৈরি করা হয়। এরপর গত সাতদিন ধরে বিভিন্ন স্থান থেকে নৌকাযোগে ড্রেজারের বালু এনে জায়গাটি ভরাট করা হচ্ছিল। এরই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীর তীরবর্তী জায়গা ভরাট বন্ধ করে। এছাড়াও দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩ হাজার ফুট পাইপ ও ২টি ড্রেজার মেশিন ভেঙে বিনষ্ট করা হয়। এসময় আজিজুর রহমান লিটন ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও তার ম্যানেজার জাফর ইমাম জরিমানার টাকা প্রদান করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এনসিপি নেতা আজিজুল রহমান লিটনের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি বলেন, ঢাকায় আছি। বিস্তারিত কিছু এখন বলতে পারছি না। সেখানে ম্যানেজার ছিল।
আবুল হাসনাত মো. রাফি/এসজেডএইচ/জেআইএম








