পাবনার ভাঙ্গুড়ায় চলনবিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে জেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টায় চলনবিলের পাটুল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, চলনবিলের পাটুল এলাকায় একদল অসাধু মৎস্যজীবী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ বিশেষ অভিযানে ১৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে, যা আমাদের সামগ্রিক মৎস্যসম্পদের জন্য এক মারাত্মক হুমকি। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান স্থানীয় জেলেদের এ ক্ষতিকর ও নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আইন অমান্য করে যারা দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য ধ্বংস করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চলনবিল রক্ষায় এই অভিযান আরও জোরদার করা হবে।

অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/জেআইএম