মানিকগঞ্জের সাটুরিয়ার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীকে প্রায় দুই সপ্তাহ পর ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। সাভার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে আজ শনিবার তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বলে, ৩ জুলাই দুপুরে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তাদের পরিবার ৯ জুলাই সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে শনিবার সকালে সাভার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জিডির পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।








