সুন্দরবনে বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে শওকাত সরদার (৪৫) নামে এক দস্যু নিহত হয়েছেন। এ ছাড়া বাহিনী প্রধান রবিউল ইসলামসহ গুলিবিদ্ধ দুই দস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার (২৫ জুন) রাতে সুন্দরবনের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাপেশা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।কোস্টগার্ড জানায়, নিয়মিত টহল চলাকালে দস্যুরা কোস্টগার্ডের বোট লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। রাতভর চলা এই বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শওকাত সরদারকে মৃত ঘোষণা করেন। নিহত শওকাত খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মৃত এজাহার সরদারের ছেলে।আহতদের মধ্যে বাহিনী প্রধান রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, আহত রবিউল ইসলাম সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘দুলাভাই বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। আর নিহত শওকাত বাহিনীর পরিচালক আজাহারের চাচা।কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল করীম বলেন, শুক্রবার ভোররাতে কোস্টগার্ড এক ব্যক্তির মরদেহ ও একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তিকে পরে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, ময়দাপেশা এলাকায় কোস্টগার্ডের অভিযানটি পরিচালিত হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, দস্যুবাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সুন্দরবনে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।