বাগেরহাট জেলা আইনজীবী সমিতির এক সদস্য দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত (৪২) সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে।
ওই আইনজীবী গত একমাস আগে দুর্ঘটনায় তার বাবাকে হারিয়েছিলেন। এর আগে তার মা ও ১ম স্ত্রীকে হারিয়েছেন। বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে।
আরও পড়ুন
পদ্মা সেতু পাড়ি দিয়েই প্রাণ গেলো আইনজীবীর, চলছিল ফেসবুক লাইভ
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিজাম উদ্দিন মোটরসাইকেলযোগে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এসময় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
নাহিদ ফরাজী/এসজেডএইচ/এএসএম








