চট্টগ্রামের আনোয়ারায় ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রোমিরাজ দাশ গুপ্তকে (৩২) আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর একটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা এলাকার মহাজন বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—গুজরা এলাকার স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত রোমিরাজ দাশ গুপ্ত এই দম্পতির একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন মাস আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে বাড়ি ফেরেন রোমিরাজ দাশ গুপ্ত। এরপর প্রায় সময়ই তিনি বিয়ে করানোর জন্য বাবা-মাকে চাপ প্রয়োগ করতেন। বিষয়টি নিয়ে পরিবারে অশান্তি চলে আসছিল। আজ সকালে রোমিরাজ মা-বাবার কাছে নিজের বিয়ের দাবি জানান। মা কল্পনা দাশ বিয়ে করাতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে মায়ের গলায় আঘাত করেন। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা স্বপন দাশ গুপ্তকেও ছুরিকাঘাত করেন রোমিরাজ দাশ গুপ্ত।

এতে ঘটনাস্থলেই কল্পনা দাশ গুপ্ত মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রোমিরাজ দাশ গুপ্তকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে।