দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক ও মানবিক দায়িত্ব উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোনো পরিবার যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই চসিক ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নগরের পূর্ব বাকলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। নগরবাসীর যে কোনো দুর্যোগে চসিক সবসময় পাশে থাকবে। জনগণের কল্যাণই আমাদের প্রধান অঙ্গীকার।

তিনি বলেন, ঘরবাড়ির ক্ষতি মানুষের জীবনে বড় বিপর্যয় ডেকে আনে। ক্ষতিগ্রস্ত মানুষের মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে পর্যায়ক্রমে তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, তাৎক্ষণিক ত্রাণ বিতরণের পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে চসিক কাজ করছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন এবং নাগরিক দুর্ভোগ কমাতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার মানুষের জীবন ও নিরাপত্তা। পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে সহায়তা, খাবার বিতরণ এবং জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে মেয়র ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন এবং স্থানীয় এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের সভাপতি হাজী মো. ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও চসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমকেআর