পর্তুগালের দায়িত্বে থাকা স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ বৃহস্পতিবার টরন্টোতে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় (যেখানে তারা স্পেনের মুখোমুখি হবে) ওঠার পথে তার খেলোয়াড়দের দেখানো ‘তীক্ষ্ণতা এবং আন্তরিক প্রচেষ্টার’ প্রশংসা করেন।

বেলজিয়ামের সাবেক এই কোচ বলেন যে, পরবর্তী ধাপে যাওয়ার জন্য তার দলকে বিনয়ী ও ধৈর্যশীল হতে হয়েছে এবং দলগতভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। কারণ, গনসালো রামোসের ৯৪তম মিনিটের গোলে জয়ী হওয়ার আগে তাদের ভাত্রেনিদের (ক্রোয়েশিয়ার ডাকনাম) প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল।

পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার ক্ষেত্রে খেলোয়াড়দের যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, সে প্রসঙ্গে তিনি উল্লেখ করে বলেন, ‘একসাথে কষ্ট সহ্য করা বা লড়াই করা এমন একটি বিষয় যা শেষ পর্যন্ত তাদের বিশ্বাস ও বিকশিত হওয়ার পথকে আরও শক্তিশালী করে তোলে। এমন কঠিন ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে যদি আমরা এগিয়ে যেতে চাই, তবে এটাই মূল চাবিকাঠি।’

এর আগে তিনি স্মরণ করিয়ে দেন যে, এই পর্যায়ে পৌঁছাতে গ্রুপ পর্বে তাদের ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে। এ বিষয়ে পর্তুগিজ কোচ জোর দিয়ে বলেন, ‘আগামীকাল আমরা আমাদের দ্বিতীয় বিশ্বকাপ শুরু করছি। খেলোয়াড়রা অত্যন্ত ক্ষুধার্ত ও উদগ্রীব।’

৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ৪০ বছর বয়সী লুকা মদ্রিচের সাক্ষাৎ ও লড়াইয়ের আবেগ থেকেও মার্তিনেজ নিজেকে দূরে রাখতে পারেননি। উল্লেখ্য, দলের বিদায়ের মধ্য দিয়ে মদ্রিচ বিশ্বকাপ ফুটবলে তার অধ্যায়ের ইতি টেনেছেন। পর্তুগাল কোচ মদ্রিচকে নিয়ে বলেন: ‘বয়স কেবল একটি সংখ্যা মাত্র।’

আরআর/এমএমআর