বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের পর এবার শানের সঙ্গে জুটি বেঁধে একটি ডুয়েট গান করেছেন বাংলাদেশের এ প্রজন্মের সংগীতশিল্পী পর্ণা। গানের শিরোনাম ‘কাছে এসো না’। এটি লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার দোলন মৈনাক। রেকর্ডিং হয়েছে মুম্বাইতে। শিগ্গির এর ভিডিওর শুটিং করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পর্ণা। বাংলাদেশের পাশাপাশি ভারত ও লন্ডনে শুটিং হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে পর্ণা বলেন, ‘গানটির সব কাজ হয়েছে মুম্বাইতে। কিছুদিনের মধ্যেই কোনো সিনেমা ও মিউজিক ভিডিও আকারে এটি প্রকাশ হবে। গানটি শানের বেশ পছন্দ হয়েছে। তিনি প্রশংসাও করেছেন। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ এ গান ও পর্ণা প্রসঙ্গে শান বলেন, ‘পর্ণা দারুণ গায়। ওর গলা অনেক মিষ্টি। তার জন্য অনেক অনেক শুভকামনা। সত্যিকার অর্থে দারুণ একটি গান হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। শ্রোতারা শুনে এনজয় করবে বলে আমার বিশ্বাস।’ পর্ণা জানিয়েছেন, ভারতের কুমার শানু, নচিকেতা, উদিত নায়ারণ ও জাবেদ আলীর সঙ্গে তার কণ্ঠের আরও চারটি ডুয়েট গান সম্পূর্ণ তৈরি করা আছে। এগুলোরও ভিডিওর শুটিং করে প্রকাশ করা হবে। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। পাশাপাশি আরও নতুন একাধিক গানের কাজ করছেন এ সংগীতশিল্পী।








