চরফ্যাশন সরকারি কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী অনিয়মিত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টির প্রতিকার চেয়ে আবেদন করেছেন ওই দুই পরীক্ষার্থী। ফাতেমা মতিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন বাচ্চু জানান, সরকারি কলেজের দুই শিক্ষার্থী জামেলা বেগম সুরভি ও মো. ফায়েল পরীক্ষা শুরুর কয়েক দিন আগে ফরম পূরণ করায় তাদের রোল নম্বর ছিল অনিয়মিত পরীক্ষার্থীদের শেষে। যে কারণে ওই দুই শিক্ষার্থীর সিটপ্ল্যান অনিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে হয়েছে। এ কারণেই অনিয়মিত শিক্ষার্থীর প্রশ্নে ওই পরীক্ষার্থীরাও পরীক্ষা দেয়। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে শিক্ষার্থীরা তাদের অপর সহপাঠীদের সঙ্গে প্রশ্ন মেলাতে গিয়ে বিষয়টি নজরে আসে। উপজেলা নির্বাহী অফিসার জানান, শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। ওদের উত্তরপত্র অনিয়মিত শিক্ষার্থীদের উত্তরপত্রের সঙ্গে গেলেও খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তবে এমনটা হওয়ার কথা ছিল না। এ কারণে দায়িত্ব অবহেলার অভিযোগে সোমবার ফাতেমা মতিন মহিলা কলেজের পরীক্ষা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে।








