নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড অপো এনকো এয়ার ৫ উন্মোচন করেছে অপো। আধুনিক অডিও প্রযুক্তি, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং এআই-ভিত্তিক একাধিক স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি এই ইয়ারবাডটি মিড-রেঞ্জ সেগমেন্টের ক্রেতাদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। এর আগে সংস্থাটি এনকো এয়ার ৫ প্রো মডেল বাজারে এনেছিল।
অপো এনকো এয়ার ৫-এ রয়েছে ১২ মিলিমিটারের টাইটানিয়াম-কোটেড ডাইনামিক ড্রাইভার, যা পরিষ্কার ও শক্তিশালী সাউন্ড দেওয়ার জন্য তৈরি। ইয়ারবাডটির অন্যতম আকর্ষণ হলো ৫২ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন সুবিধা। ফলে ট্রেন, বাস বা ভিড়ের মধ্যেও বাইরের শব্দ অনেকটাই কমিয়ে নিরবচ্ছিন্নভাবে গান শোনা বা কল করা সম্ভব। পাশাপাশি এতে রয়েছে ট্রান্সপেরেসি মোড, যা প্রয়োজন হলে বাইরের শব্দও শোনার সুযোগ দেয়।
ভয়েস কলের মান উন্নত করতে প্রতিটি ইয়ারবাডে তিনটি করে, মোট ছয়টি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। এআই-চালিত কল নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে।
আরও পড়ুন
হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?
সংযোগের জন্য এতে রয়েছে ব্লুটুথ ৬.১ প্রযুক্তি, যার কার্যকর রেঞ্জ প্রায় ১০ মিটার। টাচ কন্ট্রোলের মাধ্যমে গান পরিবর্তন, কল রিসিভ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু এবং অন্যান্য নিয়ন্ত্রণ সহজেই করা যায়। এছাড়া নির্দিষ্ট ডিভাইসে এআই অ্যাসিস্ট্যান্ট ও এআই ট্রান্সলেট সুবিধাও ব্যবহার করা যাবে।
ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও ইয়ারবাডটি বেশ শক্তিশালী। একবার চার্জে ইয়ারবাড দুটি ১৩ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। চার্জিং কেস ব্যবহার করলে মোট প্লেব্যাক সময় বেড়ে ৫৪ ঘণ্টা পর্যন্ত পাওয়া যাবে (অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন বন্ধ থাকলে)। অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন চালু থাকলে ইয়ারবাডে প্রায় ৬.৫ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ২৭ ঘণ্টা ব্যবহার করা যাবে। মাত্র ১০ মিনিট চার্জে সর্বোচ্চ ১১ ঘণ্টা পর্যন্ত গান শোনার সুবিধার দাবিও করেছে অপো।
ইয়ারবাডটি IP55 রেটিংপ্রাপ্ত হওয়ায় ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষিত থাকবে। ভারতে অপো এনকো এয়ার ৫-এর দাম রাখা হয়েছে ৩ হাজার ২৯৯ রুপি। ইয়ারবাডটি ল্যাভেন্ডার পার্পেল ও মিডনাইট ব্ল্যাক-এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন
রাস্তাঘাটে এয়ারপড হারিয়ে ফেলেন? মুহূর্তেই খুঁজে দেবে ফোনের ফিচার
কেএসকে








