বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির সাবেক নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমানকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সোমবার এ নিয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
তবে জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কারণ অবশ্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
অন্য প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমানকে তাঁর বর্তমান পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে আদেশটি, অর্থাৎ মো. আনিসুর রহমানের নিয়োগ অবিলম্বে কার্যকর করা হবে।








