বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া শিশুরা হলো-ভালতা গুচ্ছগ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬) এবং একই গ্রামের ফারুক মণ্ডলের দুই সন্তান ফাহিম (৮) ও সুরাইয়া (৫)।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে ওই তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বেরিয়ে যায়। বেলা একটার দিকে প্রতিবেশী সালমা খাতুন পুকুরে একটি লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে জাকিরুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে ফাহিম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানি আবেদা বেগম স্থানীয় লোকজনের সহযোগিতা চান। এরপর মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তি পুকুরে নেমে ফাহিমের মরদেহ উদ্ধার করেন। সুরাইয়াকে না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।একই গ্রামের তিন শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।