ফুটবল বিশ্বের মহাতারকাদের আমরা সাধারণত দেখি গোল, ট্রফি আর রেকর্ডের ঝলমলে আলোয়। কিন্তু মাঠের এ নায়কদের জীবন কেবল ফুটবলেই সীমাবদ্ধ নয়; তাদের প্রত্যেকের রয়েছে একেকটি ভিন্ন শিক্ষাজীবন ও সংগ্রামের গল্প। কেউ দারিদ্র্যকে জয় করে উঠেছেন বিশ্বমঞ্চে, কেউ কৈশোরেই বই-খাতা ছেড়ে ছুটেছেন স্বপ্নের পেছনে, আবার কেউ পড়াশোনা ও খেলাধুলার মধ্যে তৈরি করেছেন চমৎকার ভারসাম্য। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, সাদিও মানে ও লামিন ইয়ামালের ক্যাম্পাস জীবন তাই শুধু শিক্ষার গল্প নয়; এটি স্বপ্ন, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের এক অনুপ্রেরণামূলক যাত্রা। এ বিষয়ে লিখেছেন নাহিদ হাসান

মেসি : ইতিহাস গড়া কিংবদন্তি

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে কিংবদন্তি নামগুলোর একটি লিওনেল মেসি। তার ড্রিবলিং, দৃষ্টি, গোল করার ক্ষমতা এবং ধারাবাহিক পারফরম্যান্স তাকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় স্থানীয় স্কুলে, তবে খুব স্বাভাবিকভাবেই তার মনোযোগ বেশি ছিল মাঠে বল নিয়ে দৌড়ানোর দিকে। আর্জেন্টিনার রোজারিওতে একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। যখন তিনি মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছাড়েন, তখন তিনি অষ্টম শ্রেণিতে পড়তেন।

মেসির শৈশবেই একটি বড় চ্যালেঞ্জ আসে-শারীরিক বৃদ্ধি সংক্রান্ত একটি হরমোনজনিত সমস্যা। এ কারণে তার স্বাভাবিক শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছিল। পরিবারের জন্য চিকিৎসার খরচ ছিল অনেক বড় চাপ। কিন্তু তার প্রতিভা দেখে পরিবার ও কোচরা বিশ্বাস করেছিলেন যে, এ ছেলেটির ভবিষ্যৎ ভিন্ন কিছু হতে পারে। এ সময়েই ফুটবল তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়ায়। শৈশবে তিনি খেলতেন স্থানীয় ক্লাব Newell’sOld Boys-এর যুব দলে। সেখানে তার অসাধারণ প্রতিভা দ্রুত নজর কাড়ে। তবে চিকিৎসা ও উন্নত সুযোগের প্রয়োজনেই মাত্র ১৩ বছর বয়সে তিনি স্পেনে চলে যান এবং যোগ দেন FC Barcelona-এর বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমিতে। ২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক ঘটে তার। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এরপর শুধু বিশ্বকাপ জেতাই নয়; অসংখ্য শিরোপা, গোল এবং রেকর্ডের মাধ্যমে তিনি ফুটবল ইতিহাসে নিজের অবস্থান স্থায়ী করেন।

ভিনিসিয়ুস জুনিয়র

আধুনিক ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন ভিনিসিয়ুস জুনিয়র। তার গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে। কিন্তু আজকের এ সাফল্যের পেছনে রয়েছে সংগ্রাম, ত্যাগ এবং কঠোর পরিশ্রমে গড়া এক অনুপ্রেরণামূলক গল্প। ২০০০ সালের ১২ জুলাই ব্রাজিলের সাউ গনসালো শহরে জন্মগ্রহণ করেন ভিনিসিয়ুস। তিনি বেড়ে উঠেছেন সাধারণ একটি পরিবারে, যেখানে আর্থিক সচ্ছলতা ছিল না। ছোটবেলায় তার পরিবারের প্রধান লক্ষ্য ছিল সন্তানকে সঠিক পথে গড়ে তোলা। সেই কারণে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও তাকে উৎসাহ দেওয়া হতো।

শিক্ষাজীবনের শুরুটা ছিল স্থানীয় বিদ্যালয়ে। তিনি ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের সাও গনসালো শহরের একটি সরকারি প্রাথমিক স্কুল-এসকোলা মিউনিসিপাল পাওলো রেগ্লাস নেভেস ফ্রেয়ার-এ তার প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করেছেন। প্রতিদিন স্কুলের পড়াশোনার পাশাপাশি তিনি ঘণ্টার পর ঘণ্টা ফুটবল অনুশীলন করতেন। পরিবারের সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও তার বাবা-মা ছেলের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছেন। অনেক সময় প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছানোর জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, কিন্তু কোনো বাধাই তার ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। সাধারণ এক ব্রাজিলিয়ান কিশোর থেকে বিশ্ব ফুটবলের অন্যতম তারকায় পরিণত হওয়ার এ যাত্রা প্রমাণ করে যে প্রতিভার সঙ্গে কঠোর পরিশ্রম যুক্ত হলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।

নেইমার : সৃজনশীল ফুটবলার

বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত ও জনপ্রিয় নাম নেইমার জুনিয়র। মাঠে তার নৈপুণ্য, ড্রিবলিং দক্ষতা এবং সৃজনশীল খেলার জন্য তিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে বিশ্বসেরা ফুটবলারদের একজন হয়ে ওঠার পেছনের গল্পটি কেবল সাফল্যের নয়; এটি স্বপ্ন, ত্যাগ এবং এক নির্মম বাস্তবতার গল্প। নেইমারের শিক্ষাজীবন অন্যান্য তারকা খেলোয়াড়দের মতো দীর্ঘ ছিল না। স্কুলের বইয়ের চেয়ে ফুটবল মাঠই হয়ে ওঠে তার শেখার সবচেয়ে বড় জায়গা। মাত্র ১১ বছর বয়সে নেইমার যোগ দেন সান্তোস এফ সি-এর যুব একাডেমিতে। সেখানে তার অসাধারণ দক্ষতা দ্রুত কোচ ও ফুটবল বিশ্লেষকদের নজর কাড়ে। প্রতিদিনের কঠোর অনুশীলন, নিরলস পরিশ্রম এবং নিজের ওপর অগাধ বিশ্বাস তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যখন তার সমবয়সীরা সাধারণ স্কুলজীবন কাটাচ্ছিল, তখন নেইমার ফুটবল মাঠে নিজের ভবিষ্যৎ গড়ে তুলছিলেন।

২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি সান্তোসের মূল দলে অভিষেক করেন। এরপর তার ক্যারিয়ার দ্রুত ঊর্ধ্বমুখী হতে থাকে। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি ব্রাজিলের অন্যতম সেরা তরুণ ফুটবলার হিসাবে পরিচিতি পান। পরবর্তীতে এফ সি বার্সেলোনা-এ যোগ দিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের সামর্থ্যরে প্রমাণ দেন। এরপর পিএইচজি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। স্কুলের গণ্ডি পেরোতে না পারলেও ফুটবল মাঠে তিনি যে শিক্ষা অর্জন করেছেন, সেটিই তাকে বিশ্বের অন্যতম সফল ক্রীড়াবিদে পরিণত করেছে। নেইমারের জীবন তাই শুধু একজন ফুটবলারের গল্প নয়, বরং নিজের স্বপ্নকে অনুসরণ করার সাহসের এক অনন্য উদাহরণ।

এমবাপ্পে : তরুণ বয়সে বিশ্বজয়

আধুনিক ফুটবলের সবচেয়ে বিস্ময়কর প্রতিভাদের একজন ক্লিয়ান এমবাপ্পে। গতি, গোল করার ক্ষমতা এবং বড় ম্যাচে পারফর্ম করার দক্ষতার জন্য তিনি খুব অল্প বয়সেই বিশ্ব ফুটবলে জায়গা করে নিয়েছেন। কিন্তু তার এ উত্থানের পেছনে আছে শৈশবের শিক্ষা, শৃঙ্খলা এবং এক অসাধারণ পরিশ্রমের গল্প। এমবাপ্পের একাডেমিক জীবন ছিল মূলত সাধারণ শিক্ষার্থী জীবনের মতোই। তিনি স্থানীয় স্কুলে পড়াশোনা শুরু করেন এবং পাশাপাশি খেলাধুলার প্রশিক্ষণ চালিয়ে যান। এরপর ক্যারিয়ার বিকাশে ফ্রান্সের বিখ্যাত ক্লেয়ারফন্টেইন (Clairefontaine) জাতীয় ফুটবল একাডেমি এবং এএস মোনাকো (AS Monaco)-এর যুব একাডেমিতে প্রশিক্ষণ নেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি মোনাকোর মূল দলে অভিষেক করেন। এরপর দ্রুতই ইউরোপের ফুটবলে আলোচনায় আসেন। পরে Paris Saint-Germain F.C.-এ যোগ দিয়ে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে ওঠেন। তার পারফরম্যান্স ফ্রান্স জাতীয় দলকে ২০১৮ বিশ্বকাপ জিততে এবং ২০২২ সালের ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোনালদো : হার না মানা যোদ্ধা

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ও প্রভাবশালী নামগুলোর একটি ক্রিস্টিয়ানো রোনালদো। তার গতি, শারীরিক সক্ষমতা, গোল করার দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মানসিকতা তাকে আধুনিক ফুটবলের এক কিংবদন্তিতে পরিণত করেছে। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের ফুনচাল দ্বীপে জন্মগ্রহণ করেন রোনালদো। একটি সাধারণ শ্রমজীবী পরিবারে তার বেড়ে ওঠা। শৈশব থেকেই ফুটবলের প্রতি তার ছিল গভীর আগ্রহ। স্থানীয় স্কুলে তার প্রাথমিক শিক্ষাজীবন শুরু হলেও, খুব অল্প বয়সেই ফুটবল তার জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। রোনালদোর একাডেমিক জীবন ছিল সাধারণ এবং সীমিত। তিনি নিয়মিত প্রাথমিক শিক্ষা গ্রহণ করলেও, পড়াশোনার পাশাপাশি তার অধিকাংশ সময় কাটত ফুটবল অনুশীলনে। ক্রিশ্চিয়ানো রোনালদো শৈশবে পর্তুগালের মাদেইরায় স্থানীয় স্কুল এসকোলা বাসিকা-ই সেকুন্দারিয়া গোনকালভেস জারকোতে পড়াশোনা করেছেন। তবে ফুটবলে মনোযোগ দেওয়ার জন্য তিনি ১৪ বছর বয়সে আনুষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দেন এবং পুরোপুরি স্পোর্টিং লিসবনের (Sporting CP) একাডেমিতে ফুটবল প্রশিক্ষণ শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে তিনি স্থানীয় ক্লাব Andorinha-এ খেলতে শুরু করেন। পরে তিনি যোগ দেন Nacional-এ। তার অসাধারণ প্রতিভা খুব দ্রুতই সবার নজরে আসে। অল্প বয়সেই তিনি পর্তুগালের অন্যতম সেরা যুব প্রতিভা হিসাবে পরিচিতি পান।

শৈশব থেকেই তিনি নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য কঠোর পরিশ্রম করতেন। মাত্র ১২ বছর বয়সে তিনি পর্তুগালের রাজধানী লিসবন-এ চলে যান এবং যোগ দেন বিখ্যাত Sporting CP একাডেমিতে। পরিবার থেকে দূরে থাকা, নতুন পরিবেশ এবং কঠিন অনুশীলন-সবকিছুই তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু তার দৃঢ় মনোবল তাকে থামতে দেয়নি। অদম্য ইচ্ছাশক্তি এ পর্তুগিজ তারকাকে করেছে সবার চেয়ে আলাদা।