নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এতে এলাকায় চমক সৃষ্টি করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই বৃত্তি অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্ত তিন বোন হলেন— তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকার বাসিন্দা, জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। বর্তমানে তারা জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই তিন বোন একসঙ্গে বেড়ে উঠেছে। ছোটবেলা থেকেই তাদের পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, পারস্পরিক সহযোগিতা এবং পরিবারের উৎসাহে তারা এই সাফল্য অর্জন করেছে।
তিন বোনের বাবা রেজাউল করিম সরকার বলেন, ‘ওরা একসঙ্গে জন্মেছে, একসঙ্গে বড় হয়েছে। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ ছিল। আমি যতটুকু পারি তাদের পড়াশোনায় সময় দিই। তাদের মা-ও উচ্চশিক্ষিত, সেও সবসময় মেয়েদের পড়াশোনার খেয়াল রাখে। আল্লাহর রহমত, শিক্ষকদের দিকনির্দেশনা, স্বজনদের অনুপ্রেরণা এবং ওদের নিজের পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।’
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, ‘তিন বোনই ছোটবেলা থেকেই মেধাবী, ভদ্র ও বিনয়ী। তারা সবসময় পড়াশোনায় মনোযোগী ছিল। তাদের এই অর্জনে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতেও তারা আরও ভালো ফল করবে বলে আশা করছি।’
জোনাইল এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, তারা তিনজনই আমাদের বিদ্যালয়ের অধ্যয়নরত। আশা করি, তারা ভবিষ্যতে এই ধারা অভ্যাহত রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, এটি একটি বিরল ঘটনা বলা চলে। আমি তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
রেজাউল করিম রেজা/কেএইচকে/জেআইএম








