পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন-সংলগ্ন ডহরশৈলা এলাকায় ঢাকা-পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতের ঘটনায় দুটি বগি উদ্ধার করা হয়েছে। এতে ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু হেনা মোস্তফা আলম জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। রাত ১০টার দিকে উদ্ধারকাজ শেষ হয়েছে। এর মাধ্যমে ছয় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
আবু হেনা মোস্তফা আলম আরও জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে আজ বিকেল ৪টায় নাটোরের লালপুরে আন্তনগর একতা এক্সপ্রেসের (৭০৫ আপ) দুটি বগি লাইনচ্যুত হয়ে মূল রেললাইনের ওপর আড়াআড়িভাবে পড়ে যায়। এতে আপ ও ডাউন—দুই লাইনের চলাচলই বন্ধ হয়ে যায়।
এ দুর্ঘটনার ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী একাধিক ট্রেন মাঝপথে আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে।







