শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে আমিন আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ সোমবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।
নিহত আমিন আলীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতেন না। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ও প্রাইভেট কার চালাতেন। গতকাল রোববার গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন আমিন আলী। এ সময় তাঁর ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জেরে গতকাল রাতেও আমিন আলী ও তাঁর ভাইকে মারধর করা হয়। রাতে সেই ঝগড়া থামলেও সকালে আবার শুরু হয়। পরে একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল, ফারুকসহ ছয়-সাতজন তাঁদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করেন। এ সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। আজ কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আমিন নামের একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।








