খুলনা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি খুলনা নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র।
সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন
নাগরিক ভোগান্তি কমাতে সর্বশক্তি নিয়োগ করেছে কেসিসি : প্রশাসক
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬–এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী তিন বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি করপোরেশনের হাজী মহসীন রোডের বাসিন্দা। তিনি ১৯৯৪ সালে খুলনা সিটির ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি চারবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের কেসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে তিনি তৎকালীন আওয়ামী লীগের মেয়র তালুকদার আবদুল খালেককে পরাজিত করেন। ওই বছরের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে করা মামলায় মনিরুজ্জামানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
আরও পড়ুন
খুলনা ওয়াসার নতুন প্রকল্পে ধীরগতি, এখনও পিডি নিয়োগ হয়নি
ওই ঘটনায় ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এক বছর ১৮ দিন পর তিনি আবার দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে খুলনা মহানগর বিএনপির সভাপতির পদ থেকে নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদকের পদ থেকে মনিরুজ্জামানকে বাদ দেওয়া হয়।
এআরএএন/এমএমকে








