নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মো. জুম্মন জানান, সোমবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বাসার সামনে বড় বোন ফাতিমা আক্তারের সঙ্গে খেলছিল আদিবা। খেলার একপর্যায়ে আদিবা হঠাৎ দৌড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে আদিবা গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে প্রথমে ফতুল্লার একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অবস্তার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
তিনি আরও জানান, আদিবা কিশোরগঞ্জের নিকলী থানার গৌরীপুর গ্রামের মো. মোকলেস হোসেনের মেয়ে। ফতুল্লার আলীগঞ্জে পরিবারের সঙ্গে থাকতো সে। তার বাবা পেশায় ট্রাকচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এমএমকে








