ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঢাকায় পরিত্যক্ত বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মো. ফারুক আরও জানান, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

কাজী আল আমিন/এমএমকে