বিশ্বকাপের পর জার্মানির জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ইয়ুর্গেন ক্লপ সোমবার প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির বিদায়ের পর দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেন। রেড বুলের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করা ক্লপ, ম্যাজেন্টা টিভির ধারাভাষ্যকার হিসেবে ম্যাচটি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জার্মানি নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি।

তিনি বলেন, ‘একটি ফুটবল ম্যাচ জেতার ৫ লাখ উপায় আছে। তোমাকে শুধু একটি উপায় খুঁজে বের করতে হবে। আমাদের ছিল মাত্র একটি লক্ষ্য, একটি স্বপ্ন, আর সেটি ভেঙে গেছে। এটা ছিল নাটকীয়। আমরা ভালো খেলতে পারিনি।’

প্যারাগুয়ের কাছে পিছিয়ে পড়ার পর জার্মানি সমতায় ফিরতে এবং ম্যাচকে অতিরিক্ত সময় ও পরে টাইব্রেকারে নিয়ে যেতে হিমশিম খায়। ক্লপ বিশেষ করে প্যারাগুয়ের রক্ষণভাগ ভাঙতে জার্মানির সৃজনশীলতার অভাবের সমালোচনা করেন, ‘আমাদের উইং দিয়ে আক্রমণ করতে হবে। এর বাইরে আর কোনো বিকল্প নেই। আমরা সবাই জানি এই খেলোয়াড়রা কতটা ভালো খেলতে পারে, কিন্তু তারা মাঠে সেটা দেখাতে পারেনি। তিন মাস পর আমরা আবারও ভির্টজ ও মুসিয়ালার প্রশংসা করব, বলব তারা কত অসাধারণ। কিন্তু এখন সেটা বলা যাচ্ছে না।’

ম্যাচ শেষে ক্লপ আরেকটি বিষয় নিয়েও আপত্তি তোলেন। গোলরক্ষক অরল্যান্ডো গিলের ওপর ফাউলের কারণে জোনাথান তাহের করা জার্মানির দ্বিতীয় গোলটি বাতিল করা হয়েছিল। ক্লপের মতে, একই ধরনের পরিস্থিতিতে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালের গোল বৈধ হিসেবে গণ্য হয়েছে। তিনি বলেন, ‘যদি ওই গোলটি সত্যিই অবৈধ হতো, তাহলে আর্সেনাল ইংলিশ লিগ জিততে পারত না। বলটি জালে গেলে আমরাই ম্যাচটি জিততাম।’

এবারের বিশ্বকাপ থেকে জার্মানির এই আগাম বিদায় টানা তৃতীয়বারের মতো হতাশাজনক সমাপ্তি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এবার দ্বিতীয় রাউন্ড পর্যন্ত উঠলেও তার বেশি এগোতে পারেনি। এই ব্যর্থতার ফলে বর্তমান কোচ জুলিয়ান নাগেলসমানের ওপর চাপ আরও বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে তার স্থলাভিষিক্ত হতে পারেন ইয়ুর্গেন ক্লপ।

আরআর/আইএন