একজন মায়ের জীবন বাঁচানোর লড়াইয়ে যদি সংস্কৃতি হয়ে ওঠে আশ্রয়, তবে সেই আয়োজন আর শুধু একটি নাট্যসন্ধ্যা থাকে না— এটি হয়ে ওঠে মানুষের পাশে দাঁড়ানোর উপলক্ষ্য।

গাজীপুরে এমনই একটি মানবিক আয়োজন করতে যাচ্ছে টুগেদার উই ক্যান। ক্যান্সারে আক্রান্ত শাহীন সুলতানার চিকিৎসা সহায়তার লক্ষ্যে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’।

গাজীপুর সাংস্কৃতিক ঐক্যের তিন দিনব্যাপী নাট্যোৎসব-২০২৬-এর সমাপনী দিনের বিশেষ আয়োজনের সন্ধ্যায় থাকবে অন্তর্ভুক্তিমূলক সংগীত পরিবেশনা। এরপর মঞ্চে উঠবে পল্লীকবি জসীম উদ্‌দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’।

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় প্রেমকাহিনি ‘সোজন বাদিয়ার ঘাট’ শুধু দুই তরুণ-তরুণীর ভালোবাসার গল্প নয়। এটি ধর্ম, সমাজ ও বিভেদের দেয়াল ভেঙে মানুষের হৃদয়ের কথা বলে। বহু বছর ধরে নাটকটি দর্শকদের চোখে জল এনে দিয়েছে। এবার সেই গল্প নতুন অর্থ নিয়ে মঞ্চে ফিরছে— একজন মায়ের জীবন রক্ষার প্রত্যাশা নিয়ে।

আয়োজকদের পক্ষে কাজী নওশাবা আহমেদ জাগো নিউজকে বলেন, সংস্কৃতির প্রকৃত শক্তি তখনই প্রকাশ পায়, যখন তা মানুষের উপকারে আসে। তাই এই সন্ধ্যার উদ্দেশ্য কেবল নাটক দেখা নয়; বরং শিল্প, সংস্কৃতি ও মানবিকতার বন্ধনে মানুষকে একত্র করা।

তাদের বিশ্বাস, শিল্পী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উপস্থিতি শাহীন সুলতানার চিকিৎসা সংগ্রামে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।

২৫ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন গাজীপুর সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক আশরাফ টুলু।

আয়োজকদের আহ্বান, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা বিশ্বাস করেন শিল্প মানুষের জন্য— তারা যেন এই সন্ধ্যায় উপস্থিত হন। কারণ, একটি টিকিট, একটু করতালি কিংবা মানুষের উপস্থিতি হয়তো একজন মায়ের জীবনের লড়াইয়ে নতুন সাহস যোগাতে পারে।

কখনো কখনো একটি নাটক শুধু নাটক থাকে না। একটি গান শুধু গান থাকে না। সেগুলো হয়ে ওঠে মানুষের পাশে দাঁড়ানোর ভাষা। ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ ঠিক তেমনই একটি সন্ধ্যার প্রতিশ্রুতি।

আরএমডি