দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় সারা দেশে পাইপলাইনের গ্যাসের চাপ কমতে পারে বলে সতর্ক করেছে পেট্রোবাংলা।
আজ মঙ্গলবার (৭ জুলাই) পেট্রোবাংলার পক্ষ থেকে এমন সর্তকতা জারি করা হয়।
এতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীস্থ ভাসমান এলএনজি টার্মিনালে নির্ধারিত এলএনজি কার্গোর ডেলিভারি কার্যক্রম শুরু করা সম্ভব না হওয়ায় এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। উদ্ভুত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারাদেশে সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
ভাসমান দুটি টার্মিনাল থেকে দৈনিক ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে। তবে নানা কারণে তা ৮০০ থেকে এক হাজার এমএমসিএফডির মধ্যে সীমাবদ্ধ থাকে। বর্তমানে প্রায় ৫০০ এমএমসিএফডি হারে গ্যাস সরবরাহ হচ্ছে বলে সংশ্লিষ্টতা জানিয়েছেন।








