চকরিয়ায় বেসরকারি ঋণদানকারী সংস্থা ‘চিরিংগা কর্ণফুলী ফাউন্ডেশন’র সাবেক ম্যানেজার শাহজাহান ফেরদৌসকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তাকে জীবিত ফেরত দিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে দুর্বৃত্তরা। এদিকে অপহৃতের সন্ধান ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বুধবার বিকালে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার রাতে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল্লাহ সিকদারপাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মঙ্গলবার চকরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরে সোমবার রাতে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে শাহজাহানকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অভিযুক্তরা তার স্ত্রীর মোবাইল ফোনে কল দেয়। তারা শাহজাহানকে জীবিত ফেরত দিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাকে শারীরিক নির্যাতন করে খুন ও লাশ গুমের হুমকি দিয়ে ফোনের সংযোগ কেটে দেয়।