সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন চলছিল।

পয়েন্ট অব অর্ডারে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সরকারি দলের মতো বিরোধী দলেরও সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে। সেই অধিকার থেকেই জুলাই মাসব্যাপী সারা দেশে পদযাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সোমবার সাভারে পদযাত্রার উদ্বোধনী সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার সময় মঞ্চে ওঠার আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বক্তব্য চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সমাবেশ সংক্ষিপ্ত করে নেতাকর্মীরা থানায় যান।

আখতার হোসেন আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কর্মসূচি ঘোষণা করলেই বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর আগেও দলের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি সমাবেশ চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, হামলার ঘটনা এবং এসবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কী হবে, তা জানতে চান। একই সঙ্গে বিরোধী দলের নির্বিঘ্নে সভা-সমাবেশ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

আখতার হোসেনকে বিষয়টি নিয়ে নোটিশ দেওয়ার অনুরোধ করেন স্পিকার।

এ সময় স্পিকারের কাছে ফ্লোর চান আইনমন্ত্রী আসাদুজ্জামান। তখন স্পিকার বলেন, ‘এখানে বিতর্ক করার প্রয়োজন নেই। আইনমন্ত্রী কিছু বলতে চান? এটাতো স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আপনি কীভাবে বলবেন?’

পরে আইনমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আমি কিছু কথা বলতে চাচ্ছি।’ তিনি বলেন, ‘সংসদ সদস্য আখতার হোসেন যে বিষয়টা অবতারণা করেছেন, তা আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি, এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সঙ্গে ততটা কঠোর পদক্ষেপ সরকার নেবে।’