এনসিপি থেকে অব্যাহতি পাওয়া দলটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে নেতিবাচক পোস্ট দেওয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে তাকে গ্রেফতার করা হলো।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে বিএনপির সমালোচনা করে একটি পোস্ট করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
দল থেকে অব্যাহতি, পোস্ট ডিলিট করার পরও বিএনপি ও তারেক রহমানের পুলিশ ক্ষমতা দেখিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেফতার ৬
সারজিস লেখেন, ‘হবিগঞ্জ ও সিলেটে সন্ত্রাসী হামলার পর, রড দিয়ে আঘাত করে আলিফের চোখ নষ্ট করে ফেলার পর কয়েকদিন আগে গাজী সালাউদ্দিন তানভীর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট করেন। সেই লেখাটা দেখে আমরা তাকে জানাই এ ধরনের লেখা আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিছুক্ষণ পরেই তিনি তার পোস্ট ডিলিট করেন।
‘পরবর্তীতে আমরা দেখতে পাই ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে ওই লেখার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে আর এ ধরনের লেখার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বস্ত করেন।’
তিনি লেখেন, এছাড়াও পার্টির পক্ষ থেকে তাকে এ বিষয়ের জন্য শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়ার মতো গুরুতর শাস্তি দেওয়া হয়। তারপরও বগুড়া জেলা বিএনপির নেতৃস্থানীয় একজন তার বিরুদ্ধে মামলা করে এবং আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভোর ৪টায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
জুলাই শহীদ পরিবার-যোদ্ধারা সহায়তা পেয়েছেন হাজার কোটি টাকা
সারজিস লেখেন, একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখলো, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করলো, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করলো, পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করলো, পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইলো!
তিনি লেখেন, অথচ বিগত দুই বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে, কমেন্টে আমাদের নিয়ে এমন কিছু নাই যেটা বলে নাই কিংবা লেখে নাই! যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল আজ ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।
অথচ রড দিয়ে আঘাত করে ছাত্রদলের যে সন্ত্রাসীরা আলিফের চোখ তুলে নিলো তাদের একজনকেও এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি!
এনএস/এএসএ








