যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ টাকার বেশি মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক (৩০) কুমিল্লার দাউদকান্দী উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল ভোরে দরগাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ফারুককে তল্লাশি করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার (৪টি পূর্ণাঙ্গ ও ১টি অর্ধেক) উদ্ধার করা হয়।

এ ছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দকৃত আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত ও আশপাশের এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত স্বর্ণের বার ও অন্যান্য আলামতসহ তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।